শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠে জাতীয় প্রাণিসম্পদ মেলার আয়োজনকে বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবুল ফয়েজ মো. জামাল উদ্দিন।
তিনি বলেন, ‘এই মাঠে মেলার আয়োজন করতে দেওয়া হলে তা হবে আমাদের ন্যায্য আন্দোলন, দাবি ও অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন আরও বলেন, সরকার জোরপূর্বক এই মাঠে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উচিত হবে এর প্রতিবাদে সুস্পষ্ট অবস্থান নেওয়া। প্রয়োজনে অনুষ্ঠান বর্জনের ঘোষণাও দেওয়া উচিত।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সবার আগে। গবেষণার মাঠ গবেষণার জন্যই সংরক্ষিত থাকতে হবে। কোনো সাময়িক আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি স্বার্থ ও অধিকার বিসর্জন দেওয়া যায় না।
অর্ঘ্য/০৩/১১