শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সাংবাদিকতার মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) উদ্যোগে ‘শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশন।

কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয় ও ভিডিও সাংবাদিকতা নিয়ে পৃথক দুটি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথম সেশনে ‘বেসিক অব জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ দেন শেকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সাংবাদিক মীর তাওহিদুল ইসলাম। দ্বিতীয় সেশনে ‘ভিডিও জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ দেন এশিয়া পোস্টের নিউজরুম এডিটর মো. জাহিদুল ইসলাম।

কর্মশালায় অংশগ্রহণকারীরা সংবাদ সংগ্রহ, সংবাদ লেখার কৌশল এবং ভিডিও সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। প্রশিক্ষণ সেশন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি তাহিরুল হাসান ফাহিম বলেন, “শিক্ষানবিশ সাংবাদিকদের দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতেই আমাদের এ আয়োজন। এ কর্মশালার মাধ্যমে তারা সাংবাদিকতার মৌলিক বিষয় ও ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি পেশাদারত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে পারবে বলে আমরা আশাবাদী। আমরা চাই, শিক্ষার্থীরা শুরু থেকেই সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার বিষয়গুলো ধারণ করুক।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *