আন্তর্জাতিক বিজ্ঞান ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস’ (TWAS)-এর আজীবন ফেলো নির্বাচিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি উদ্ভিদতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কামরুন নাহার। একই সঙ্গে পরিবেশ ও কৃষিবিজ্ঞান গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি অর্জন করেছেন আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘TWAS–Fayzah M. Al-Kharafi Award’। একই আয়োজনে আজীবন ফেলোশিপ ও আন্তর্জাতিক পুরস্কার অর্জনের মধ্য দিয়ে বিরল দ্বৈত স্বীকৃতি পেয়েছেন এই গবেষক।
সম্প্রতি অনুষ্ঠিত TWAS-এর বার্ষিক সাধারণ সভায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৮৭ জন বিজ্ঞানীকে ২০২৭ মেয়াদের জন্য আজীবন ফেলো হিসেবে নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন সাতজন বিজ্ঞানী। তাঁরা সবাই বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (BAS) সদস্য।
অধ্যাপক ড. কামরুন নাহার ২০০৬ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ২০০৮ সালে কৃষি উদ্ভিদতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ২০১৩ সালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে প্ল্যান্ট স্ট্রেস ফিজিওলজিতে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই দেশে এহিমে বিশ্ববিদ্যালয় থেকে প্ল্যান্ট স্ট্রেস ফিজিওলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
গবেষণাক্ষেত্রে অধ্যাপক কামরুন নাহারের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এলসেভিয়ার এর তথ্যমতে তাঁর স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যা ১৩৬টি। এসব গবেষণা বিভিন্ন প্রকাশনায় মোট ১৭ হাজার ৩৮২ বার উদ্ধৃত হয়েছে।

পরিবেশ ও কৃষিবিজ্ঞানে তাঁর গবেষণা, বিশেষ করে উদ্ভিদ লবণাক্ততার মত প্রতিকূল পরিবেশ টিকে থাকার সক্ষমতা এবং উদ্ভিদ শারীরতত্ত্ববিষয়ক গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। ‘TWAS–Fayzah M. Al-Kharafi Award’ অর্জন তাঁর দীর্ঘদিনের গবেষণাকর্মের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে TWAS-এর আজীবন ফেলো নির্বাচিত হওয়া তাঁর গবেষণাজীবনের আরেকটি উল্লেখযোগ্য অর্জন।
অধ্যাপক কামরুন নাহারের এ অর্জন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের কৃষি ও পরিবেশবিষয়ক গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক বিজ্ঞান অঙ্গনে বাংলাদেশের গবেষকদের অবস্থান আরও সুদৃঢ় করতেও এ অর্জন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ থেকে নির্বাচিত অন্য ছয় বিজ্ঞানী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের রাইস রিসার্চ সেন্টারের পরিচালক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ, ইকোটেক্স লিমিটেডের রিসার্চ ল্যাবের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মুবারক আহমদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রহমান এবং অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন।
একাডেমির আন্তর্জাতিক জুরি ও নির্বাহী পরিষদ ভূতত্ত্ব, ভূগর্ভস্থ পানি সুরক্ষা, কৃষিবিজ্ঞান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, পরিবেশবান্ধব পাট প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে গবেষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের নির্বাচন করে।
এ বিষয়ে ড. নাহার বলেন, “এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের ও সম্মানের বিষয়। আমি মনে করি, এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার সক্রিয় গবেষক দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি আমাকে গবেষণার প্রতি আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। আমি বিশেষ করে লবণাক্ততা, খরা ও ভারী ধাতুর বিষক্রিয়া সহনশীল ফসল উদ্ভাবন এবং জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তির উন্নয়নে আরও নিবিড়ভাবে কাজ করতে চাই”।
নতুন গবেষকদের উদ্দ্যেশ্য তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও খরা সহনশীল ফসল উদ্ভাবন, জৈবপ্রযুক্তি, মাটির স্বাস্থ্য এবং ভারী ধাতুর বিষক্রিয়া মোকাবিলা নিয়ে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। তরুণ গবেষকদের প্রতি আমার পরামর্শ হলো, নিজের আগ্রহ অনুযায়ী গবেষণার বিষয় নির্বাচন করতে হবে এবং ধৈর্য, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। বিশেষ করে নারী গবেষকদের বলব, নিজেদের সম্ভাবনাকে কখনো সীমাবদ্ধ ভাববেন না। সাহসের সঙ্গে এগিয়ে যান এবং নিজেদের কাজের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখুন”।
ড. নাহার এর অর্জনের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল লতিফ বলনে, ড. কামরুন নাহারের অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। তার এ অর্জনের জন্য আমি তাকে শুভেচ্ছা জানাই এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।