‘মৌচাষের পরিবেশ, সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্যে নাটোরে সম্মেলন, অংশ নিলেন হাজারো মৌচাষী


শেকৃবিসাস

ফসলের উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে মধু উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি—কৃষি ও অর্থনীতিতে মৌচাষের সম্ভাবনা দিন দিন বাড়ছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মৌচাষের পরিবেশ তৈরি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নাটোরে অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গ মৌচাষী ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন-২০২৬। এতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় এক হাজার মৌচাষী অংশ নেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) নাটোর জেলা পরিষদ মিলনায়তনে ‘মৌচাষের পরিবেশ, সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. রুহুল কবির। এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

দিনব্যাপী এ আয়োজনে মৌচাষের উন্নয়ন ও সম্প্রসারণ, মধু উৎপাদন বৃদ্ধি এবং মৌচাষীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের কৃষি উৎপাদন, অর্থনীতি ও কর্মসংস্থানে মৌচাষের বহুমুখী সম্ভাবনা এবং অবদান তুলে ধরেন আলোচকেরা।

সম্মেলনে অংশ নেওয়া প্রায় এক হাজার মৌচাষীর উপস্থিতি উত্তরাঞ্চলে মৌচাষের বিস্তৃতি ও এ পেশার প্রতি আগ্রহের বিষয়টিও সামনে নিয়ে আসে। সংশ্লিষ্টদের অংশগ্রহণে এ আয়োজন মৌচাষীদের অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং খাতটির উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরির ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনের প্রতিপাদ্যে মৌচাষের উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এ খাতের অবদানকে গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *