শেকৃবিসাস
মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৩৪ শিক্ষার্থীকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শেকৃবি সাংবাদিক সমিতি। এতে মাশরুমের বিভিন্ন প্রজাতি, চাষপদ্ধতি ও সংগ্রহ কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাশরুম চাষে আগ্রহী হয়ে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
শনিবার (২১ নভেম্বর) সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে ‘মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও লেভেলের ৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন শেকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুক।
সকাল ১০টায় মাশরুম কালচার হাউজে ব্যবহারিক প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মশুরু হয়। সংশ্লিষ্ট গবেষণা কর্মকর্তা রায়হান ফেরদৌসের পরিচালনায় এ সেশনে প্রশিক্ষণার্থীদের মাশরুমের বিভিন্ন প্রজাতি শনাক্তকরণ, চাষপদ্ধতি ও সংগ্রহ কৌশল হাতে-কলমে শেখানো হয়।
পরবর্তী সেশনে প্রকল্প পরিচালক কৃষিবিদ আখতার জাহান কাকন মাশরুমের পুষ্টিগুণ, জাতীয় চাহিদা, উৎপাদন পদ্ধতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশের বার্ষিক চাহিদার তুলনায় মাশরুমের উৎপাদন অত্যন্ত নগণ্য। তবে মানুষের খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি মাশরুমের পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে দেশে মাশরুম চাষ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
কর্মশালায় প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক প্রশিক্ষণার্থীদের মাশরুমের উপকারিতা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। তিনি বলেন, দেশের মানুষের খাদ্যাভ্যাসে হার্বজাতীয় খাবারের পর্যাপ্ত উপস্থিতি না থাকায় স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বাড়ছে। এ ছাড়া কৃষিপণ্যের সার্টিফিকেশন ব্যবস্থায় অনিশ্চয়তা ও সীমাবদ্ধতার কারণে অধিকাংশ কৃষিপণ্য রপ্তানিমুখী করা সম্ভব হচ্ছে না।
সম্মানিত অতিথি অধ্যাপক ড. আবু নোমান ফারুক বলেন, দেশের কৃষিপণ্যের উৎপাদন সক্ষমতা থাকলেও প্রক্রিয়াজাতকরণ, সার্টিফিকেশন ও ট্রেসেবিলিটির ঘাটতির কারণে রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে খাদ্যনিরাপত্তার পাশাপাশি সঠিক পুষ্টিগুণসম্পন্ন ও নিরাপদ খাবারের জোগান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ ক্ষেত্রে মাশরুম একটি আদর্শ খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ আখতার জাহান কাকন। এ সময় প্রকল্পের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।