ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে দেশ, তখন সেই আবহে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের জন্য বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে শেকৃবি ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম সংলগ্ন মোড়ে এলইডি স্ক্রিন স্থাপন করে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত সব ম্যাচই সেখানে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগের সুযোগ পাবেন।
এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীর বলেন, “শিক্ষার্থীদের বিনোদন এবং ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড় পর্দায় সরাসরি দেখানো হবে, যাতে শিক্ষার্থীরা সবাই মিলে খেলার রোমাঞ্চ উপভোগ করতে পারে।”
শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আরও বলেন, “আমরা আগেও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হবে উৎসবমুখর পরিবেশ।
অর্ঘ্য/SAUJA