ক্যাম্পাসের প্রাণীদের সুরক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ফ্রি ভ্যাক্সিনেশন কর্মসূচি। “প্রাণী চিকিৎসায় প্রথম নজর, রুখবে ভাইরাস ও জুনোটিক রোগ বিস্তর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাম্পাসের কুকুর-বিড়ালসহ বিভিন্ন পোষা প্রাণীকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়।
সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনা করেন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার অনেক বাসিন্দাকেও তাদের পোষা প্রাণী নিয়ে টিকা গ্রহণে অংশ নিতে দেখা যায়।
এএসভিএম অনুষদের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। পুরো কার্যক্রমে কারিগরি ও লজিস্টিক সহায়তা প্রদান করে ‘কেয়ার অ্যান্ড কিউর ভেটেরিনারি ক্লিনিক’।
আয়োজকরা জানান, ক্যাম্পাসের কোনো কুকুর বা বিড়াল যেন টিকাদানের বাইরে না থাকে, সে লক্ষ্যেই তারা কাজ করেছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসকে আরও নিরাপদ ও জুনোটিক রোগমুক্ত রাখা সম্ভব হবে।
কর্মসূচির অন্যতম আয়োজক এএসভিএম অনুষদের শিক্ষার্থী মো. রায়হান কবির বলেন, “একটি সুস্থ ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই ছিল আমাদের মূল লক্ষ্য। ভ্যাক্সিনের কার্যকারিতা বজায় রাখতে কোল্ড চেইন মেইনটেইন করা এবং ক্যাম্পাসের প্রাণীগুলোকে শনাক্ত করে টিকার আওতায় আনা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফলভাবে কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।”
কর্মসূচির উদ্বোধন করেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “জুনোটিক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠপর্যায়ে তাদের দক্ষতারও পরিচয় মিলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুষদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অর্ঘ্য/SAUJA