বাংলাদেশের কৃষি, ছাদবাগান ও সবুজায়নকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সবুজ বাংলাদেশ সম্মেলন ২০২৬’।
শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের অডিটোরিয়ামে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ‘সবুজ বাংলাদেশ’।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে প্রায় সাড়ে চারশো মানুষ অংশ নেন। এতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ কৃষি উদ্যোক্তাদের পাশাপাশি কৃষি, ছাদবাগান ও সবুজায়নে আগ্রহী নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের কৃষি খাতের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, ছাদবাগানের প্রসার, কৃষি উদ্যোক্তা তৈরি এবং কৃষির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
সম্মেলনে আয়োজকরা জানান, কেবল যারা বর্তমানে সবুজায়ন বা কৃষির সঙ্গে যুক্ত রয়েছেন তারাই নয়, বরং আগ্রহী নতুন মানুষদেরও কৃষিমুখী করে তোলাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তাঁদের বিশ্বাস, এই সম্মেলনের মাধ্যমে অনেকেই ভবিষ্যতে কৃষি ও সবুজায়নের সঙ্গে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত হবেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মো. মারুফ হাসান বলেন, “সাড়ে চারশো মানুষ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তাদের পাশাপাশি এ বিষয়ে আগ্রহী অনেক মানুষ ছিলেন। যারা আগে থেকেই সবুজায়নের সঙ্গে যুক্ত, তাদের পাশাপাশি নতুন আগ্রহী মানুষও আজকের আয়োজন থেকে কৃষির সঙ্গে যুক্ত হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন।”
তিনি আরও বলেন, “আমাদের মূল উদ্দেশ্য নগরকে সবুজায়ন করা, সর্বোপরি দেশকে সবুজায়ন করা এবং দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করা। ‘সবুজ বাংলাদেশ’ প্ল্যাটফর্ম থেকে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করব। বর্তমানে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না, অন্যদিকে কৃষি উপকরণ, বিশেষ করে সারের দাম দিন দিন বেড়েই চলেছে। এসব বিষয় নিয়েও আমরা কাজ করতে চাই।”
প্রথম আয়োজনেই ব্যাপক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করে মারুফ হাসান বলেন, “সবুজ বাংলাদেশের ব্যানারে এটিই আমাদের প্রথম প্রোগ্রাম। প্রথম আয়োজনেই এত মানুষের অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। ভবিষ্যতে এটি দেশব্যাপী একটি বড় আন্দোলনে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।”
সম্মেলনে দেশের বিশিষ্ট কৃষিবিদ, সফল কৃষি উদ্যোক্তা, ছাদবাগানি, গবেষক, কৃষিপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অর্ঘ্য/0030726