খামার পর্যায়ে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে স্থানীয় ৩০ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল বাশার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম। টেকনিক্যাল সেশন পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কামরুল হাছান।
কর্মশালায় খামার পর্যায়ে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ব্যবহার পরিহার, এবং AMR প্রতিরোধে করণীয় বিষয়ে অংশগ্রহণকারী খামারিদের ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বর্তমান সময়ের একটি গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহার এ সমস্যাকে আরও জটিল করে তুলছে। তিনি খামারিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয় এবং সঠিক মাত্রা ও নির্ধারিত সময় মেনে চলা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, খামার পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণই পারে AMR এর ঝুঁকি কমাতে এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে।
ফাহিম / সিফাতুল্লাহ