শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি ফলজ, বনজ, ফুলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। এ সময় তিনি বলেন, “গাছ মানুষের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। গাছ আমাদের অক্সিজেন, ছায়া ও খাদ্য সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণ প্রয়োজন।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে ২৫ লাখ গাছ রোপণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, শেকৃবির এ কর্মসূচি তারই একটি অংশ। এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ে ৫০০টি ফলজ, বনজ, ফুলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আশাবুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাসের সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অর্ঘ্য/SAUJA