নববর্ষে শেকৃবিতে স্টল প্রতিযোগিতায় প্রথম কিষাণ থিয়েটার

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজিত বৈশাখী মেলার স্টল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে শেকৃবি কিষাণ থিয়েটার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে শেকৃবি সাহিত্য সংসদ ও শেকৃবি সিওয়াইবি। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের সৃজনশীলতা ও উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন ও পুরো  ক্যাম্পাস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে এ আয়োজন শুরু হয়। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করে, যেখানে মোট ১৯টি সংগঠন স্টল স্থাপন করে অংশগ্রহণ করে।

সকাল ৯টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল ৮টা থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে সাংস্কৃতিক পরিবেশনা।

এছাড়া সেরা সাংস্কৃতিক পরিবেশনার জন্য চারটি সংগঠনকে পুরস্কৃত করা হয়। এগুলো হলো শেকৃবি ডিবেটিং সোসাইটি, সপ্তক, শেকৃবি সাহিত্য সংসদ এবং শেকৃবি ফটোগ্রাফি সোসাইটি। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শেকৃবি ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদযাপন পায় এক আনন্দঘন, বর্ণিল ও উৎসবমুখর রূপ।

মামুন/সজল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *