বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার উদ্যোগে ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে ‘কুরআনের সান্নিধ্যে’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১১ মে ( সোমবার) শেকৃবিতে টিএসসির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। কুরআন দিবসের তাৎপর্য এবং সমাজ সংস্কারে পবিত্র কুরআনের গুরুত্ব তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।
আয়োজনের একটি বিশেষ অংশে ৫ই মে শাপলা চত্বরের ট্র্যাজেডি স্মরণে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মাসুদ এবং বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স এণ্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ।
প্রধান অতিথি আজিজুর রহমান আজাদ বলেন, বাংলাদেশে যারা ইসলামকে লালন করবে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করবে সে ব্যক্তিগুলো কাদা ছোড়াছুড়ি করছে। হাতপাখার যে পীর সাহেবরা ছিল তারা একসময় বলতে নির্বাচন করা হারাম। তারা এখন হাতপাখার বাতাস পেয়ে গরমে আরাম পাচ্ছে এখন দেখেন নির্বাচন করতেছে চরমভাবে।
বক্তারা তাদের আলোচনায় কুরআন দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করার পাশাপাশি সমসাময়িক সমাজে কুরআনের বিধান ও নৈতিকতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের ব্যক্তিজীবনে কুরআনের আদর্শ প্রতিফলন ঘটিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র মাহে রমাদান উপলক্ষে আয়োজিত ‘আল-হিকমাহ কুরআন প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১০ জন শিক্ষার্থীর হাতে অতিথিবৃন্দ সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
ফাহিম২১