রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন সপ্তকের ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৪০ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুমাইয়া জাহান মিমি এবং সাধারণ সম্পাদক তাইবুজ্জামান সিয়াম।
২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি যাত্রা শুরুর পর থেকে সাফল্যের সঙ্গে শেকৃবিতে সাংস্কৃতিক চর্চা, সংগীত, নৃত্য ও আবৃত্তিভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছে সংগঠনটি।
নবগঠিত কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠন সংশ্লিষ্টরা। একইসঙ্গে নতুন নেতৃত্বের হাত ধরে সপ্তকের কার্যক্রমে নতুন উদ্দীপনা ও উদ্ভাবনী উদ্যোগ যুক্ত হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
নবগঠিত কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা দিতে উপদেষ্টা প্যানেলে রয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ, মো. নূর ইসলাম নাঈম, ফারিয়া আমিন নিশুতি, মোবাসসেরা রহমান ছোয়া এবং সাদিয়া বিনতে আনোয়ার মৌ।
বিদায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “সপ্তকের ১৪তম কার্যনির্বাহী কমিটির দায়িত্বকালে সর্বমোট ২০টি প্রোগ্রাম সফলভাবে আয়োজন করা হয়। পড়াশুনার চাপের মধ্যেও ক্যাম্পাসে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটানোই ছিলো আমাদের প্রধান লক্ষ্য। প্রশাসন, কমিটি ও সপ্তকের সাধারণ সদস্যদের সহযোগিতা না থাকলে এতোগুলো প্রোগ্রাম পরিচালনা করা সম্ভব ছিল না।”
সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে নতুন কমিটির প্রতি আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক তাইবুজ্জামান সিয়াম বলেন “পূর্ববর্তী কমিটির ধারাবাহিকতা বজায় রেখে আমরা আবারও জাঁকজমকপূর্ণ আয়োজন উপহার দিতে চাই। সকলের সহযোগিতা পেলে এই লক্ষ্য অবশ্যই অর্জন করা সম্ভব। আশা করছি, আগামী বছরটি সংগঠন ও সংশ্লিষ্ট সবার জন্য সফল ও সমৃদ্ধ একটি বছর হবে।”
সবাইকে সাথে নিয়ে সংগঠনটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির সভাপতি সুমাইয়া জাহান মিমি।
তিনি আরও বলেন, “একটি সংগঠনের সবচেয়ে বড় শক্তি তার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা। নতুন চিন্তা, নতুন উদ্যোগ এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা সপ্তককে আরও সমৃদ্ধ, প্রাণবন্ত ও কার্যকর একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।”
অর্ঘ্য/SAUJA