শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে গণইফতার কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ও কেন্দ্রীয় গবেষণা কেন্দ্রে যথাক্রমে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
উক্ত অনুষ্ঠানে ছেলে শিক্ষার্থীরা কেন্দ্রীয় মাঠে একসাথে বসে ইফতার করেন, এবং নারী শিক্ষার্থীদের জন্য পার্সেল নেওয়ার ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসু জিএস এস এম ফরহাদ, শাখা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান নাঈম, সেক্রেটারি আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ, এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ-এর মহাসচিব, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. ফিরোজ মাহমুদ।
এ সময় অধ্যাপক ফিরোজ মাহমুদ বলেন,
“আমাদের সকলের কোরআন অধ্যয়ন করা উচিত, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর শ্রেষ্ঠ কোরআন নাজিল হয়েছে। আজকে ১৭ই রমজানের দিনে আল্লাহ মুসলিমদের বদরের প্রান্তরে জয়ী করেছেন। আজকে ইহুদি, খ্রিষ্টানরা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কিন্তু আমরা আজকে বিভক্ত শিয়া এবং সুন্নিতে। আমেরিকা ইসরাইল আমাদের শিয়া, সুন্নি পরিচয়ে নয়, মুসলিম পরিচয়ে হামলা করে।”
এগ্রিকালচারিস্ট ফোরামের মহাসচিব শেখ মাসুদ বলেন,
“আল্লাহ সূরা কাসাসে বলেছেন আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন যাদের দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে জমিনে আল্লাহ তাদের প্রতিষ্ঠিত করবেন। ইসলাম একদিন বিজয়ী হবে, আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। আজকে পশ্চিমা বিশ্বের কারণে পৃথিবী নিরাপত্তাহীন, তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে। কিউবাকে হুমকি দিয়ে যাচ্ছে। পশ্চিমাদের হাতে পৃথিবী নিরাপদ নয়। তরুণদের কাছে আহ্বান থাকবে আমরা সবাই কোরআন ধারণ করবো এবং নিজের প্রতি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবো। আমরা পৃথিবী নিয়ন্ত্রণ করতে চাইলে আমাদের নিজেদের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।”
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান নাঈম বলেন,
“১৭ই রমাদান ঐতিহাসিক বদর দিবস, এই দিবসে ইসলামে সত্য-মিথ্যা আলাদা হয়ে গিয়েছিল। আজকে সেই দিনের সম্মানে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছি। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি।”
ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন,
“আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করেন, যার একটি মাধ্যম হচ্ছে, ইবলিসের চরিত্র যখন মানুষের মধ্যে তা চলে আসে তখন সে সেটাকে কিভাবে ডিল করে। ইবলিসের চরিত্র ছিল অহংকার করা। আমরা রোজার দিনে সাধারণতই অনেক আমল করি, তো আমাদের সতর্ক থাকতে হবে আমলের কারণে আমরা যেন অহংকারী না হয়ে যাই।”
সবার জন্য দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
মামুন/তাসনিম