শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের ওয়েবসাইট উদ্বোধন, রাত ১০টা থেকে নিবন্ধন শুরু
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য তৈরি অনলাইন পোর্টালের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। রোববার (১ নভেম্বর) বিকাল ৫টায় উপাচার্যের কার্যালয়ের তিনতলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে পোর্টালটির উদ্বোধন করা হয়। আজ রাত ১০টা থেকে সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন সমাবর্তনের জন্য www.convocation.sau.edu.bd ওয়েবসাইট লিংক থেকে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন, পরিচয়পত্র তৈরি ও বিতরণ কার্যক্রম সহজ করতে সংশ্লিষ্ট উপকমিটি আধুনিক এই অনলাইন পোর্টাল তৈরি করেছে। গত ৭ অক্টোবর থেকে কমিটির সদস্যরা এ কার্যক্রম শুরু করেন। প্রায় ২৫ দিনের প্রচেষ্টায় ১ নভেম্বর পোর্টাল তৈরির কাজ সম্পন্ন হয়।

আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে শেকৃবির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে নিবন্ধন প্রক্রিয়াকে সহজ ও সুশৃঙ্খল করতে অনলাইন পোর্টালটি চালু করা হয়েছে। সরাসরি পোর্টালে যেতে ক্লিক করুন।
এদিকে, সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর বিষয়টি নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে এবং নিবন্ধন ফি কমানো হলে, নির্ধারিত নতুন ফির চেয়ে বেশি অর্থ দিয়ে ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করা ব্যক্তিরা অতিরিক্ত অর্থ ফেরত পাবেন বলে জানানো হয়েছে।

সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা আজ রাত ১০টা থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
মামুন/১/১১