শেকৃবিতে প্রথম নাইট শর্ট পিচ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ‘মাস্টার ব্লাস্টার’

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী ‘নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের ৮৩ তম ব্যাচের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিলেন রংপুর স্টিলের স্বত্বাধিকারী ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হামিম আবদুল্লাহ।

তিনদিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দশ ওভারের উত্তেজনাকর ম্যাচের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ‘মাস্টার ব্লাস্টার’ ও ‘ইনভিনসিবল এগ্রি থান্ডার’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ‘মাস্টার ব্লাস্টার’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার বিষয়ে আয়োজক আলভী আহমেদ বলেন,

“সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে প্রাণবন্ত ও সফল করেছে।” আগামী বছর আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট ও সেহরি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের বিপথগামিতা থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখবে। যুবসমাজের সুস্থ বিকাশে এর কোনো বিকল্প নেই।

ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন,

খেলাধুলা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি অনৈতিক ও ক্ষতিকর কার্যকলাপ থেকে দূরে রাখে। খেলার মাঠে যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে, তা অন্য কোনো পরিসরে সহজে তৈরি হয় না।

ক্রিকেট দেশের অন্যতম জনপ্রিয় খেলা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীও ক্রিকেটপ্রেমী। শিক্ষার্থীদের গঠনমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। উপাচার্য দৃঢ়ভাবে বলেন, “তোমরা যদি আন্তরিকভাবে সহযোগিতা কর, তাহলে আমরা এই ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে অবশ্যই সফল হবো।”

অর্ঘ্য/তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *