পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মানবিক সংগঠন “আলোকিত মানুষ”।
সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন হয়। পরবর্তী ধাপে সংগঠনটি তাদের সহকর্মীদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও ঈদ সামগ্রী পৌঁছে দেবে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা আক্তার, মডারেটর সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, সংগঠনটির সভাপতি সাইদ আহম্মদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার বলেন,
আলোকিত মানুষ প্রায় প্রতিবছর এ ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকে, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন,
আলোকিত মানুষের যে ধরনের মানবিক কাজ করে তাতে আমাদের সবারই অংশগ্রহণ করা উচিত। আমরা যা কিছু করব, তা অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা উচিত। তিনি আলোকিত মানুষের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
প্রয়োজনীয় অনুদান পেলে বৃহৎ পরিসরে এই ধরনের প্রোগ্রাম করার কথা জানান সংগঠনটির সভাপতি সাইদ আহম্মদ।
সাইদ/তাসনিম