বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজিত বৈশাখী মেলায় দ্বৈত সাফল্য অর্জন করেছে শেকৃবি সাহিত্য সংসদ। স্টল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি সেরা সাংস্কৃতিক পরিবেশনার জন্যও পুরস্কার লাভ করে সংগঠনটি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ মেলায় ১৯টি সংগঠন অংশগ্রহণ করে এবং নানা আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসকে করে তোলে উৎসবমুখর।
সকাল ৯টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্টল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শেকৃবি কিষাণ থিয়েটার এবং তৃতীয় স্থান অর্জন করে শেকৃবি সিওয়াইবি। তবে একই সঙ্গে দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে বিশেষভাবে নজর কাড়ে শেকৃবি সাহিত্য সংসদ। এছাড়া সেরা সাংস্কৃতিক পরিবেশনার জন্য পুরস্কৃত অন্যান্য সংগঠনগুলো হলো শেকৃবি ডিবেটিং সোসাইটি, সপ্তক এবং শেকৃবি ফটোগ্রাফি সোসাইটি।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শেকৃবিতে বাংলা নববর্ষ উদযাপন পায় বর্ণিল ও আনন্দঘন রূপ, যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সজল/সজল