শেকৃবিতে বাঁধনের উদ্যোগে আলোকিত মানুষ স্কুলের শিশুদের মাঝে ব্লাড গ্রুপিং কর্মসূচি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিটের পক্ষ থেকে আলোকিত মানুষ পরিচালিত স্কুলের শিশুদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৫০ জন শিশু তাদের রক্তের গ্রুপ জানতে সক্ষম হয়। শুক্রবার (১৭ এপ্রিল) স্কুলের কার্যক্রম শেষে এই কর্মসূচি পালন করা হয়।

দরিদ্র জনগোষ্ঠী ও ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘আলোকিত মানুষ’। সারা বছর সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে তৈরি করা স্কুলে পড়ানোর পাশাপাশি তাদের নতুন বই, জামা-কাপড় কেনা, ঈদের সময় হতদরিদ্রদের জন্য প্রয়োজনীয় বাজার এবং প্রতিবছর শীতে গরম কাপড় নিয়ে দরিদ্রদের পাশে থাকে সংগঠনটি।এদিকে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট রোগীর সঙ্গে রক্তদাতার সংযোগ স্থাপনে সর্বদা কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি রক্তদান সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে মানুষকে তাদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে আসছে।স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপস্থিত একজন শিক্ষার্থীর অভিভাবক উক্ত আয়োজনের প্রশংসা করে বলেন

“বাচ্চারা তাদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারছে। নিজের বন্ধুদের সাথে উৎসাহ নিয়ে কার্যক্রমে অংশগ্রহণ করছে।”

উক্ত আয়োজনের বিষয়ে আলোকিত মানুষের সভাপতি সাঈদ আহম্মদ বলেন,

“আলোকিত মানুষ ও বাঁধন শেকৃবি ইউনিটের লক্ষ্য ও উদ্দেশ্য একই, মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো। আলোকিত মানুষ যেমন সুবিধাবঞ্চিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তেমনি বাঁধন মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ায়। আশা করি ভবিষ্যতেও দুটো ক্লাবের যৌথ উদ্যোগে এমন মানব সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

আলোকিত মানুষ সংগঠনের নেতৃত্বকে ধন্যবাদ ও তাদের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে বাঁধন শেকৃবি ইউনিটের সাধারণ সম্পাদক তাশরীফ উল্লাহ বলেন,

“প্রতিটা মানুষ যেন তাদের রক্তের গ্রুপ জানতে পারে এবং রক্তদানে উদ্বুদ্ধ হয়ে এটা বাঁধনের অন্যতম লক্ষ্য। দেশব্যাপী রক্তদানের আন্দোলনকে ছড়িয়ে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”

উক্ত কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে রক্তদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অর্ঘ্য/তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *