শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শ্রেণিকক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম, পর্যাপ্ত ফ্যান এবং এয়ার কন্ডিশনিং (এসি) সুবিধা নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেকৃবি শাখা।
বুধবার (২২ এপ্রিল) শাখা সভাপতি মেহেদী হাসান নাঈম এবং সেক্রেটারি আতিকুর রহমানের সই করা একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বেশ কিছু মৌলিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে শ্রেণিকক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম না থাকায় শিক্ষকদের বক্তব্য পেছনের সারির শিক্ষার্থীদের কাছে স্পষ্টভাবে পৌঁছায় না। ফলে পাঠদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অংশ অনুধাবন করতে পারছে না।
এছাড়া, পর্যাপ্ত ফ্যানের অভাবে বিশেষ করে গ্রীষ্মকালে শ্রেণিকক্ষে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, যা শিক্ষার্থীদের মনোযোগ ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এর প্রেক্ষিতে সকল শ্রেণিকক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন নিশ্চিত করা, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা এবং প্রয়োজনে ওয়াল ফ্যান বা পেডেস্টাল ফ্যান সংযোজনসহ ধাপে ধাপে এসি স্থাপনের উদ্যোগ নেওয়ার দাবি জানান শাখা ছাত্রশিবির।
এমডিএসএ