অসচ্ছল শিক্ষার্থীকে ভর্তিতে সহায়তা শেকৃবি ছাত্রদল নেতার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ। শিক্ষার্থীটির ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় ব্যয়ভার গ্রহণের পাশাপাশি ইতোমধ্যে তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

২৭ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে উপস্থিত থেকে ওই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করেন আব্দুস সামাদ। জানা গেছে, শিক্ষার্থীটি এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদে ভর্তির সুযোগ পেলেও পারিবারিক আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষার পথ অনিশ্চয়তার মুখে পড়ে। বিষয়টি নজরে আসার পর শিক্ষার্থীর অবস্থা যাচাই করে দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন আব্দুস সামাদ এবং ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন।

এ বিষয়ে আব্দুস সামাদ বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটিই আমাদের প্রত্যাশা। সমাজের সম্মিলিত উদ্যোগ ও মানবিক দায়িত্ববোধই দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের মানবিক মূল্যবোধ, সাম্য ও বৈষম্যহীন সমাজ গঠনের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

সহায়তা পাওয়া শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শেকৃবিতে ভর্তির সুযোগ পাওয়ার পরও আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে স্বপ্নটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। এই সহযোগিতা আমাকে নতুন করে আত্মবিশ্বাস দিয়েছে। এখন আমি পড়াশোনায় মনোযোগ দিয়ে ভবিষ্যতের লক্ষ্য পূরণের চেষ্টা করতে পারবো, ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *