চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের উদ্যোগ নেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। তিন দিনের এ কার্যক্রমে তাঁরা মোট ৬২ হাজার ৫০০ টাকা সংগ্রহ করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগ্রহ করা পুরো অর্থ বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যাপক বন্যা দেখা দেয়। এতে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন এবং অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়।
মানবিক দায়বদ্ধতা থেকে বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু ফয়সাল হোসেন রিয়াদ। তিনি বলেন, “বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। পরে সিনিয়র ও জুনিয়র ভাই-বোনদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় তিন দিনের মধ্যেই তহবিল সংগ্রহের কাজ সম্পন্ন করতে সক্ষম হই।”

তিনি আরও বলেন, “বর্তমানে অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে গেলেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পুনর্বাসন। আর এ ধরনের দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন অভিজ্ঞতা, পরিকল্পনা ও দক্ষ জনবল। তাই সবদিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থ পৌঁছে দেওয়ার। আমাদের বিশ্বাস, আস-সুন্নাহ ফাউন্ডেশন এই অর্থ বন্যার্তদের কল্যাণে যথাযথভাবে ব্যয় করবে।”
তাঁদের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী জিয়াউল হক বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চাই একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে।
অর্ঘ্য/A0020726