আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। শুক্রবার রাজধানীর এফডিসি স্টুডিওতে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় শেকৃবির বিতার্কিকরা বিজয়ী হন।
‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদে মুখোমুখি হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ইস্টার্ন ইউনিভার্সিটি। যুক্তিতর্কের লড়াইয়ে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে শিরোপা অর্জন করে শেকৃবি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ শুরু করেছে। যেখানে খালি জায়গা থাকবে, সেখানেই খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।
তিনি বলেন, ডিগ্রি অর্জনের পর যুবকেরা যাতে বেকার হয়ে ঘরে বসে না থাকে, সে জন্য বিভিন্ন কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। প্রতিহিংসার রাজনীতি নয়, সুষ্ঠু ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে যুবসমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তরুণদের জীবনযাত্রা ভিন্ন হলেও তাদের চাহিদা একই; মানসম্মত শিক্ষা, শোভন কাজ, মর্যাদাপূর্ণ জীবন, মত প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ। চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি না হওয়ায় শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। দেশে ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে না পারায় হতাশাগ্রস্ত তরুণ-যুবকদের একটি অংশ নেশার দিকে ঝুঁকে পড়ছে।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ড. এস এম মোর্শেদ, কেয়ার বাংলাদেশের পরিচালক রওনক জাহান এবং এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর মো. মাসুদ রানা।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। ছায়া সংসদ আয়োজনে সহযোগিতা করেছে কেয়ার বাংলাদেশ ও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ।
অর্ঘ্য/শেকৃবিসাস