শেকৃবিতে আন্তঃহল ফুটবলে চ্যাম্পিয়ন নবাব সিরাজ-উদ-দৌলা হল

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে সম্পন্ন হয়েছে ‘আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২০২৬’। নবাব সিরাজউদ্দৌলা হল ও বিজয় ২৪ সালের মাঝে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী হয় নবাব সিরাজউদ্দৌলা হল।

০১ জুলাই ২০২৬ (বুধবার) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাঠের উত্তেজনা আর ট্রাইবেকার ভাগ্যে বিজয়’২৪ হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নবাব সিরাজ-উদ-দৌলা হল।

ফাইনাল খেলার মূল লড়াইয়ে নবাব সিরাজ-উদ-দৌলা হল এবং বিজয়’২৪ হল মুখোমুখি হয়। ম্যাচজুড়ে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে দর্শকদের রোমাঞ্চ উপহার দিলেও নির্ধারিত সময়ে কোনো পক্ষই জালের দেখা পায়নি। ফলে খেলাটি ০–০ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী ট্রাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৩–০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় নবাব সিরাজ-উদ-দৌলা হল।

পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন চ্যাম্পিয়ন হলের নিংগ্রাম সান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার বলেন,”বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে টাকা দিয়ে মাঠ ঠিক করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সেই সাথে, আমাদের ক্যাম্পাসকে মাদকের কালো ছায়া থেকে মুক্ত রাখতে হবে; মাদককে দূরে ঠেলে শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন-এর বলেন, “ক্যাম্পাসে আমাদের খেলাধুলা সবসময় অব্যাহত থাকবে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। আমাদের এখানে ভালো খেলোয়াড়ের কোনো অভাব বা ‘কথা’ নেই, প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে শিক্ষার পাশাপাশি আমাদের রিচার্জ (গবেষণা) এবং খেলাধুলাও সমানতালে এগিয়ে যাবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন,”আজকের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলকে অভিনন্দন, আশা করি আগামীতেও তারা এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে। কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বা সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবনের মান বৃদ্ধি করে, যা ভবিষ্যতে সমাজে প্রতিষ্ঠিত হতে এবং নেতৃত্বের বিকাশে দারুণভাবে সাহায্য করে। সবার প্রতি একটি বিশেষ অনুরোধ—রাত ১২টায় কোনো ধরনের খেলাধুলা করা যাবে না। আর আগামীতে শিক্ষার্থীদের ঘাসে বসে নয়, বরং সুন্দর গ্যালারিতে বসে খেলা দেখার স্থায়ী ব্যবস্থা করা হবে।”

শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টিএসসির পরিচালক অধ্যাপক মোঃ আখতার হোসেন, নবাব সিরাজ-উদ-দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, বিজয়’২৪ হলের প্রভোস্ট অধ্যাপক এ. টি. এম. সামছুদ্দোহা।

নাহীদ/তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *