শিক্ষার উৎকর্ষ সাধন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান করেছে যুক্তরাজ্যপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকে’।
শনিবার (৪ জুলাই) ঢাকার সোবহানবাগের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে ‘শিক্ষায় বিনিয়োগ, ভবিষ্যতের অনুপ্রেরণা’ প্রতিপাদ্যে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী নিলিমা আলী মৌমিকে স্নাতক পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএ ৩ দশমিক ৯৯ (৪-এর মধ্যে) অর্জনের স্বীকৃতিস্বরূপ এককালীন ৬০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। একই সঙ্গে প্রথম বর্ষে সর্বোচ্চ সিজিপিএ ৩ দশমিক ৯৪৭ (৪-এর মধ্যে) অর্জনের জন্য কাজী নাবিলা আহমেদকে এককালীন ৪০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আশাবুল হক। এ সময় যুক্তরাজ্যপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের প্রতিনিধি দিলরুবা শবনম তুলি বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সেতুবন্ধন শিক্ষা ও গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে তাদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের যথাযথ মূল্যায়ন ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের এ উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার প্রত্যাশাও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক, যুক্তরাজ্যপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা আরও জোরদার করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নাহীদ/তাসনিম