রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় অবস্থিত অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। অতিথিরা তাঁদের বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বৈষম্য বিরোধী আন্দোলন, শেকৃবি শাখার আহ্বায়ক আসাদুল্লাহ নাঈম এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের শেকৃবি শাখার সভাপতি মেহেদী হাসান নাঈম। বক্তব্যে শিবির সভাপতি বলেন,
“শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এমন একটি শিক্ষার্থীবান্ধব আয়োজন করার জন্য। তবে গত বছর যেমন শিক্ষার্থীদের কিছু আক্ষেপ ছিল, এ বছরও কিছু আক্ষেপ রয়েছে। আশা করি ভবিষ্যতে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”তিনি আরও বলেন, “আজকের সবকিছুর প্রেক্ষাপট হচ্ছে জুলাই। যদি জুলাই না থাকত, তাহলে এখানে আমাদের ভিসি স্যার, প্রো-ভিসি স্যারসহ অনেকেই হয়তো থাকতেন না। আমরা যতদিন জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে পারব, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে।”
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ ড. মো. আব্দুল লতিফ বলেন,
“এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও রমজানুল মুবারক।”
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় রাখা, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
নাহিদ / সিফাতুল্লাহ