রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃহত্তর চট্টগ্রাম ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. আব্দুস সালাম এবং এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শেকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নাহিদ জেবা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি কৃষিবিদ সাইনুর রহমান হৃদয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পাঁচ শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়।
এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কামরুজ্জামান কায়সার বলেন,
“বিশ্ববিদ্যালয় অনেক বড় হয়েছে। আমরা যখন ছিলাম, তখন আমাদের পরিবারের আকার ছোট ছিল। বিভিন্ন সমিতির মাধ্যমে যে একটি সৌহার্দ্যমূলক সম্পর্ক তৈরি হয়, সেটাই পরবর্তীতে অ্যালামনাইরা ধারণ করেন। আমি আশা করবো বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতি গঠনমূলক কাজ করবে। তাদের পক্ষে অনেক কিছু করার মতো সুযোগ আছে।আমি তাদের অনুরোধ করবো আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা—বাণিজ্য মেলার মাঠ উদ্ধার করা। আপনাদের সবাইকে নিয়ে আমরা ঈদের পর কাজ করবো। এই জমি আসলে আমাদেরই, কিন্তু আওয়ামী লীগের আমলে সরকার এটি ব্যবহার করেছে। এখন এটি উন্মুক্ত আছে। আমি সকল সমিতিকে নিয়ে সরকারের সাথে আলোচনা করে এই মাঠ বিশ্ববিদ্যালয়ের নামে করে নেওয়ার চেষ্টা করবো।”
অনুষ্ঠানের সভাপতি নাহিদ জেবা বলেন,
“উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য, বাণিজ্য মেলায় মাঠ এক সময় আমাদের ছিল আমরা চাই এটি আবার ফিরে পেতে, আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। “
মামুন/তাসনিম