শেকৃবিতে ২ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের গণইফতার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রায় ২ হাজার শিক্ষার্থী নিয়ে গণইফতারের আয়োজন করেছে শেকৃবি শাখা ছাত্রদল। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই আয়োজন করা হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই গণইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার, প্রভোস্ট কাউন্সিলর আহবায়ক অধ্যাপক ড. মো. ফিরোজ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস এবং সঞ্চালনা করেন শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীর।

কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার বলেন,

“আজ ছাত্রদলের আয়োজনে আমরা সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে ইফতার করছি। দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিবাদকে পরাজিত করে গণঅভ্যুত্থানের শক্তিকে একত্রিত করে এই ইফতারের আয়োজন করায় ছাত্রদলকে ধন্যবাদ জানাই।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন,

“ছাত্রদলের এই আয়োজন আমাকে আনন্দিত করেছে। মাহে রমজানের শিক্ষা এই আয়োজনে প্রতিফলিত হয়েছে। আমি আশা করবো, ছাত্রদল সব ধরনের গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হবে এবং কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন,

“আজকের এই আয়োজন দেখে ভালো লাগছে। আমাদের এত শিক্ষার্থী কাঁধে কাঁধ মিলিয়ে এতে অংশগ্রহণ করেছে। আমি মনে করি, আমরা যদি এভাবেই ঐক্যবদ্ধ থেকে কাজ করি, তাহলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব। আমরা হিংসা ও বিদ্বেষ ভুলে একতাবদ্ধ থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করবো—এটাই আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানের শেষ দিকে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।

মামুন/তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *