শেকৃবিসাস
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্যদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে নির্বাহী পরিচালক কাজী এহসানুল আবেদীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা অনুযায়ী, শেকৃবির শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাবা-মা স্বাস্থ্যসেবার বিশেষ সুবিধা পাবেন। এছাড়া এক্সিকিউটিভ হেলথ প্যাকেজে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতামূলক কার্যক্রম এবং টিকাদান কর্মসূচির সুবিধা দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।
এ ছাড়া শেকৃবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীদের গবেষণা এবং প্রাণীসম্পদ-সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সহযোগিতা শিক্ষার্থীদের ব্যবহারিক গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও ট্রেজারার অধ্যাপক আবুল বাশার।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি ওয়েল্টহাঙ্গারহিলফে (WHH)-এর ফুড সিস্টেমস প্রকল্পের প্রধান ফয়সাল আহমেদ, ওয়েভ ফাউন্ডেশনের গ্রিন ইভোলিউশন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আনিসুর রহমান ও সহকারী পরিচালক নির্মল দাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “শেকৃবি শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য স্বল্প খরচে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আপনাদের সহযোগিতাকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি প্রাণীসম্পদ-সংক্রান্ত পরীক্ষা ও গবেষণায় আপনাদের সহযোগিতা আমাদের গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে অ্যাগ্রোইকোলজি শিক্ষা ও গবেষণার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা গবেষণা, শিক্ষা ও জনসেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় অটো ক্রপ কেয়ারের প্রতিষ্ঠাতা কাজী এ এফ এম জয়নুল আবেদীনের শেকৃবির সঙ্গে ঐতিহাসিক সম্পৃক্ততার কথাও তুলে ধরা হয়। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি ইনস্টিটিউট, বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৫৩ সালের শিক্ষার্থী ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা, শিক্ষাবৃত্তি, ভর্তি-সংক্রান্ত ফি, শিক্ষা সফরের ব্যয় এবং বিভিন্ন ধরনের জীবন ও দুর্ঘটনাজনিত বীমা সুবিধা দেওয়ার বিষয়েও সহযোগিতার কথা জানানো হয়।