শেকৃবিসাস
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের জন্য বার্ষিক ৯০ হাজার টাকা বৃত্তিসহ বিভিন্ন সুবিধা সম্বলিত ‘কাজী এ এফ এম জয়নুল আবেদীন ফেলোশিপ’ চালু করেছে অটো ক্রপ কেয়ার। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম এবং অটো ক্রপ কেয়ারের পক্ষে নির্বাহী পরিচালক কাজী এহসানুল আবেদীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীকে প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা করে বছরে মোট ৯০ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীর ভর্তিকালীন ফি প্রদান এবং বিশ্ববিদ্যালয় আয়োজিত দেশের অভ্যন্তরে শিক্ষা সফরের খরচও বহন করা হবে।
এ ছাড়া ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা চিকিৎসা-সংক্রান্ত ১ লাখ টাকার জীবনবীমা, ৫ লাখ টাকার সাধারণ জীবনবীমা এবং দুর্ঘটনাজনিত কারণে ১০ লাখ টাকার জীবনবীমা সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের শিক্ষাগত ফলাফল ও আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফেলোশিপের জন্য নির্বাচন করা হবে। প্রতি সেমিস্টারে পাঁচজন করে শিক্ষার্থীকে এ ফেলোশিপ দেওয়া হবে। আট সেমিস্টারে মোট ৪০ জন শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবেন।
অটো ক্রপ কেয়ারের প্রতিষ্ঠাতা কাজী এ এফ এম জয়নুল আবেদীন তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি ইনস্টিটিউট, বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৫৩ সালের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই ফেলোশিপ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অটো ক্রপ কেয়ারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও ট্রেজারার অধ্যাপক আবুল বাশার।
অটো ক্রপ কেয়ারের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী এহসানুল আবেদীন, পরিচালক কাজী আরহাম আবেদিন ও কাজী আতেক আবেদিনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, “আমি বিশ্বাস করি, এই ফেলোশিপের উদ্যোগ আমাদের বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নেবে।”
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “দেশের কৃষিতে অটো ক্রপ কেয়ার অনবদ্য কাজ করে যাচ্ছে। কৃষিশিক্ষায় তাদের এই অংশগ্রহণকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষার্থীদের জন্য এই ফেলোশিপ অত্যন্ত সম্মানজনক ও সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।”