শেকৃবিয়ানদের কম খরচে বিশেষ ব্যাংকিং সুবিধা দেবে পূবালী ব্যাংক

শেকৃবিসাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইদের জন্য কম খরচে বিশেষ ব্যাংকিং সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক। এ লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম এবং পূবালী ব্যাংকের পক্ষে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতার আওতায় শেকৃবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা, সাশ্রয়ী চার্জে বিভিন্ন আর্থিক সুবিধা এবং প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদানের বিষয়ে সহযোগিতার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টরা সহজ ও সাশ্রয়ী ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও ট্রেজারার অধ্যাপক আবুল বাশার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী আর্থিক সেবা নিশ্চিত করা জরুরি। পূবালী ব্যাংকের সঙ্গে এ সমঝোতার ফলে শেকৃবিয়ানরা ব্যাংকিং সেবার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমও আরও গতিশীল হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, শেকৃবির সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। পূবালী ব্যাংকের সঙ্গে এ সমঝোতার মাধ্যমে শেকৃবিয়ানরা সাশ্রয়ী ও বিশেষায়িত ব্যাংকিং সুবিধা পাবেন বলে আমরা আশা করি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *