মাহে রমজান উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জিমনেসিয়ামের নিয়মিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত এই নতুন সূচি কার্যকর থাকবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মোঃ নূরউদ্দীন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ২৮ মার্চ (শনিবার) পর্যন্ত জিমনেসিয়ামের সকাল ও বিকেলের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে জিমনেসিয়ামটি পুরোপুরি বন্ধ হচ্ছে না। অফিস চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জিমনেসিয়াম ব্যবহারের সুযোগ পাবেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবস অর্থাৎ ২৯ মার্চ (রবিবার) থেকে জিমনেসিয়াম পুনরায় তার পূর্বের নিয়মিত সময়সূচি অনুযায়ী সচল হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত এই সময়সূচি মেনে জিমনেসিয়াম ব্যবহারের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।