বৃহত্তর ঢাকা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃহত্তর ঢাকা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) টিএসসি কমপ্লেক্সের নিচতলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল বাশার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থাকে উৎখাত করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, জনগণ বিপুল ভোটে তাদের নির্বাচিত করেছে এবং জনগণের অর্পিত দায়িত্ব ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক আহ্বায়ক রাশিদুল হাসান হারুন এবং সংগঠনটির সদস্য সচিব শাহাদাৎ হোসেন বিপ্লব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ আশাবুল হক এবং পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান কিটনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শাহাদাৎ হোসেন বিপ্লব বলেন, “United we stand, divided we fall— আমরা একসাথে থাকলে অনেক কিছুই সম্ভব। ভবিষ্যতে ছাত্র ও কৃষিবিদদের যেকোনো সমস্যা ঐক্যবদ্ধভাবে সমাধানের চেষ্টা করবো এবং নতুন সরকারকে এগিয়ে নিতে সহযোগিতা করবো।”

পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান কিটন বলেন, “শুধু এলাকা প্রেমী না হয়ে যদি সবাই বাংলাদেশ প্রেমী হই তাহলে আমাদের ঐক্য আরও শক্তিশালী হবে।”

এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক আহ্বায়ক রাশিদুল হাসান হারুন বলেন, “এই ক্যাম্পাসে আমার অনেক পুরোনো স্মৃতি জড়িয়ে আছে। আমি কৃষি খাতকে এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাই।”

সভাপতির সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল বাশার উপস্থিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

মামুন/ সজল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *