রোভার স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা পেলেন শেকৃবির দুই শিক্ষার্থী

বাংলাদেশ স্কাউটসের রোভার শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই শিক্ষার্থী। তাঁরা হলেন রোভার মো. সজিব আলী ও গার্ল-ইন-রোভার অর্চি ঘোষ।

রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প গত ২৭–২৯ নভেম্বর ২০২৫ তারিখে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত হয়। উক্ত মূল্যায়নের ভিত্তিতে সারাদেশ থেকে মোট পাঁচজন রোভার স্কাউটকে এ অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত এই পুরস্কার রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত। স্কাউটিং কার্যক্রমে অসাধারণ অবদান, শৃঙ্খলা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের গুণাবলির স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। নির্ধারিত প্রোগ্রাম সম্পন্ন করার পর একজন রোভার স্কাউট ২৫ বছর বয়স পর্যন্ত পিআরএস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে মূল্যায়নে অংশগ্রহণ করতে পারেন।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ শুরু থেকেই সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ইউনিট থেকে এর আগে মোট তিনজন সদস্য প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন।

 

অর্ঘ্য/সজল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *