বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির মিলন মেলা ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ বরণ করে নিতে উৎসবের আমেজে সেজেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাস।
আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণিল কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
উৎসবের সূচি অনুযায়ী, নববর্ষের দিন সকাল ৯টায় কৃষি অনুষদ ভবন সংলগ্ন ‘স্বাধীনতা চত্বরে’ বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। এরপর একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে, যা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। উদ্বোধন শেষে সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আম বাগানে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বাঙালির বর্ষবরণের প্রধান অনুষঙ্গ পান্তা-ইলিশ ও মুড়ি-বাতাসার আয়োজন থাকবে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার তত্ত্বাবধানে। সকাল ১০টা থেকে আম বাগান প্রাঙ্গণে শুরু হবে মূল আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান।
দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব তথা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করবেন। দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে পুরস্কার বিতরণীর মাধ্যমে। মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ স্টল ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিকেল ৪টা ৪০ মিনিটে পুরস্কার তুলে দেওয়া হবে। বিকেল ৫টায় সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
নাহীদ/সজল