এটিএন বাংলার জনপ্রিয় আয়োজন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’-তে বিজয়ী হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিতার্কিক দল। “মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় আসন্ন বাজেট প্রণয়ন” বিষয়ক বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।
শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পক্ষে অংশ নেন ওয়াসিউল হাসান সরকার, হালিমাতুস সামিয়া, মারিয়াম জামিলা মরিয়া, সাবিকুন নাহার সাবিক এবং ছাব্বির আমজাদ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গৌরবের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিগত সময়ে বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার বিজয়ের শিরোপা অর্জন করেছে সংগঠনটি।
তিনি আরও বলেন, এ অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব অংশগ্রহণকারী সদস্যদের। তাদের পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ই এ সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার এবং ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী।