শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পদ্মা নদীর ওপারের দক্ষিণবঙ্গের ২১ জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের নিচতলায় ‘ম্যানগ্রোভ স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, শেকৃবি’-এর উদ্যোগে এই বিশাল ইফতারের আয়োজন করা হয়। মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, ফরিদপুরসহ দক্ষিণবঙ্গের অন্তর্ভুক্ত ২১টি জেলার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো টিএসসি প্রাঙ্গণ এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“এত সুন্দর একটি মিলনমেলায় উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সারোয়ার বি.পি.এম.। উল্লেখ্য, তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের একজন কৃতি প্রাক্তণ শিক্ষার্থী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক, অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার আসাদুজ্জামান কিটোন।
ইফতারের আগ মুহূর্তে দক্ষিণবঙ্গের মানুষের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথিবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা একসাথে বসে ইফতার গ্রহণ করেন। দক্ষিণবঙ্গের মানুষের এই ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আগামী দিনেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক সংগঠন ‘ম্যানগ্রোভ স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর সদস্যরা।
নাহীদ/তাসনিম